ঝালকাঠিতে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা: পুলিশের প্রস্তুতি

দৈনিক দখিনের কন্ঠ
প্রকাশিত October 6, 2026, 17:55 PM
ঝালকাঠিতে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা: পুলিশের প্রস্তুতি

ঝালকাঠি প্রতিবেদক:
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝালকাঠিতে জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পূজামণ্ডপগুলোতে নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা করা হয়।

মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মেরিন সুলতানা।

সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর কাঠালিয়া সার্কেল) মো. শাহ আলম, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. হুমায়ুন কবির, ঝালকাঠি সদর থানার ওসি আনোয়ারুল ইসলাম, নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান, রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস, কাঠালিয়া থানার ওসি নাছের রায়হায়, ট্রাফিক বিভাগের টিআই (অ্যাডমিন) মো. মেহেদী হাসান।

এ ছাড়া বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝালকাঠি জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অলোক সাহা, সদর উপজেলা শাখার সভাপতি দিলীপ হালদার, রাজাপুর উপজেলা শাখার সভাপতি রতন দেবনাথ, নলছিটি উপজেলা শাখার সভাপতি পলাশ সজ্জন এবং কাঠালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক খগেন্দ্র ভূষণ দাসসহ সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানবাহন চলাচল এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এ বছর ঝালকাঠি জেলার চার উপজেলায় মোট ১৬০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।

Facebook Comments Box