নিজস্ব প্রতিবেদক:
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের জেরে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত ওই কর্মকর্তার নাম মো. আবুল খায়ের সুমন। তিনি পিরোজপুর সড়ক উপ-বিভাগের সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে মো. আবুল খায়ের সুমনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর জের ধরে সম্প্রতি সুকৌশলে প্রবাসীর ঘর থেকে নগদ টাকা এবং দামি স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে ওই নারীকে নিয়ে পালিয়ে যান এই প্রকৌশলী। ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রকৌশলী ও ওই নারীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না প্রবাসীর শাশুড়ি বরিশাল কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করেছে।
এ ঘটনায় প্রবাসীর পরিবার ও এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ওই সরকারি কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং আত্মসাৎকৃত টাকা ও স্বর্ণালংকার উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত মো. আবুল খায়ের সুমনের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।