সাফল্যের দুই বছর পেরিয়ে তৃতীয় বর্ষে নিউজ পোর্টাল বরিশাল বুলেটিন

দৈনিক দখিনের কন্ঠ
প্রকাশিত September 11, 2026, 20:15 PM
সাফল্যের দুই বছর পেরিয়ে তৃতীয় বর্ষে নিউজ পোর্টাল বরিশাল বুলেটিন

ঝালকাঠি প্রতিবেদক

‘সত্যের পথে, মানুষের পাশে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রত্যয় নিয়ে সাফল্যের সঙ্গে পথচলার দুই বছর পূর্ণ করে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে নিউজ পোর্টাল দৈনিক বরিশাল বুলেটিন।

দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঝালকাঠি রিপোর্টার্স ক্লাব হলরুমে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল কর্মী সম্মেলন, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ ও কেক কাটা।

 

সকাল ১০টায় কর্মী সম্মেলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে পত্রিকার বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধি, সাংবাদিক এবং সংশ্লিষ্টরা অংশ নেন। সম্মেলনে পত্রিকার সংবাদ পরিবেশন, পেশাগত দায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

 

পরে বিকেল ৫টায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিকেল সাড়ে ৫টায় স্থানীয় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এসব কর্মসূচি পালন করা হয়।

 

দিনব্যাপী কর্মসূচির শেষপর্বে সন্ধ্যা ৭টায় কেক কেটে নিউজ পোর্টাল দৈনিক বরিশাল বুলেটিনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিক ও অতিথিরা আনন্দ-উচ্ছ্বাসে অংশ নেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউজ পোর্টাল দৈনিক বরিশাল বুলেটিনের প্রতিষ্ঠাতা মো. মনির হোসেন জয়, পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং ঝালকাঠী রিপোটার্স ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মুবিন, রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, দপ্তর সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান, দৈনিক বাংলা কাগজের বরিশাল ব্যুরো প্রধান এম. মনির হোসেন, রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির নির্বাহী সদস্যসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, প্রতিনিধি ও বিশিষ্টজনরা।

 

এ সময় বক্তারা বলেন, সংবাদমাধ্যমের মূল শক্তি হলো পাঠকের আস্থা। বস্তুনিষ্ঠতা, সত্যনিষ্ঠতা ও পেশাদারিত্ব বজায় রেখে মানুষের কথা তুলে ধরার মধ্য দিয়েই নিউজ পোর্টাল দৈনিক বরিশাল বুলেটিন আগামী দিনে আরও এগিয়ে যাবে। একই সঙ্গে সমাজের অনিয়ম-দুর্নীতি, সম্ভাবনা ও সাধারণ মানুষের নানা সমস্যা তুলে ধরে জনকল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

 

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে পত্রিকার বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধি অংশ নেন। দিনব্যাপী কর্মসূচি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়। এ সময় নিউজ পোর্টাল দৈনিক বরিশাল বুলেটিনের দীর্ঘ পথচলা, উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন উপস্থিত সবাই।

Facebook Comments Box