ভোলা প্রতিবেদক
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর মেয়ে জাইমা রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি ও অশালীন মন্তব্য করার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে,এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভোলা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক স্বেচ্ছাসেবদলের সাধারণ সম্পাদক খন্দকার মো.আল আমিন।
থানায় দেওয়া লিখিত সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারের সময় অভিযুক্তদের বিভিন্ন ধরনের পোস্ট ও মন্তব্য নজরে আসে। অভিযোগকারীর দাবি, একটি ‘Samim Ahmed’ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর মেয়ে জাইমা রহমান ও বেগম খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর, কটূক্তিপূর্ণ ও অশালীন ভাষায় বিভিন্ন মন্তব্য ও পোস্ট করা হয়েছে।
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার ও উসকানিমূলক বক্তব্য প্রচার করে আসছেন। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগকারীর দাবি। জিডিতে মো. রিফাত (১৯) ও মো. মাসুম (১৮)-এর নাম উল্লেখ করে তাঁদের সঙ্গে আরও অজ্ঞাতনামা ৫ থেকে ৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগের সমর্থনে কয়েকজন সাক্ষীর নামও উল্লেখ করা হয়েছে।
এবিষয় ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে অভিযোগের সত্যতা ও ফেসবুক পোস্টগুলোর বিষয়ে পুলিশি তদন্তের পরই প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে।