বাকেরগঞ্জে বিনম্র শ্রদ্ধায় অমর ভাষা শহীদদের স্মরণ: পুষ্পস্তবক অর্পণ

দৈনিক দখিনের কন্ঠ
প্রকাশিত February 21, 2026, 04:57 AM
বাকেরগঞ্জে বিনম্র শ্রদ্ধায় অমর ভাষা শহীদদের স্মরণ: পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদক

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বরিশালের বাকেরগঞ্জে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, সেই অমর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ।

 

একুশের প্রথম প্রহরে বাকেরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। অমর ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান (এমপি) এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, অফিসার ইনচার্জ খন্দকার সোহেল রানা সহ প্রশাসনের কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার প্রাঙ্গণ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

রাজনৈতিক নেতৃবৃন্দের শ্রদ্ধা:

দিবসটি উপলক্ষে রাজনৈতিক অঙ্গনের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ পৃথক পৃথক মিছিল নিয়ে শহীদ মিনারে উপস্থিত হন এবং পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সুরে মুখরিত হয়ে ওঠে বাকেরগঞ্জ। সাধারণ মানুষ খালি পায়ে প্রভাতফেরিতে অংশ নিয়ে শহীদ মিনারে ফুল দিতে আসেন। প্রশাসনের পক্ষ থেকে পুরো এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

বক্তারা বলেন, “ভাষা আন্দোলনের চেতনা আমাদের জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রেরণা জোগায়। সেই চেতনাকে সমুন্নত রেখেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।”

Facebook Comments Box