শতবর্ষী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ে সবুজের বার্তা, বৃক্ষরোপণে সাবেক এপিপি আল-আমিন

দৈনিক দখিনের কন্ঠ
প্রকাশিত September 4, 2026, 10:50 AM
শতবর্ষী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ে সবুজের বার্তা, বৃক্ষরোপণে সাবেক এপিপি আল-আমিন

দখিনের কন্ঠ ডেস্ক

ঝালকাঠি সদর উপজেলার ঐতিহ্যবাহী ও শতবর্ষী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ে পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দুই শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ঝালকাঠি জজ কোর্টের সাবেক এপিপি অ্যাডভোকেট আল-আমিন।

 

সবুজ প্রাণের কলরব, স্কুলে আজ চারা উৎসব এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

 

নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়টি ইতোমধ্যে ১০০ বছর পূর্ণ করেছে। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশকে আরও সবুজ ও মনোরম করে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম ও পরিবেশ সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নথুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, ঝালকাঠি জজ কোর্টের সাবেক এপিপি, নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আল-আমিন। তিনি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছের চারা তুলে দেন এবং পরে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

 

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. সাবির হোসেন, ১০ নম্বর নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মনোয়ারুল ইসলাম, সহসভাপতি মো. আব্দুস সালাম ও মো. আক্তার লস্কর। এ ছাড়া সমাজসেবক মো. কুদ্দুস হাওলাদার, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির মো. লুৎফর মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা উম্মে ফাতিমা ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন।

 

সভাপতির বক্তব্যে মো. আলমগীর হোসেন বলেন, বিদ্যালয়ের পরিবেশ সুন্দর ও সবুজ রাখতে শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যাও নিশ্চিত করতে হবে। এ কাজে শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে।

 

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আল-আমিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের জন্য বৃক্ষের কোনো বিকল্প নেই। গাছ শুধু অক্সিজেন সরবরাহ করে না, পরিবেশকে স্বাস্থ্যকর ও বাসযোগ্য রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পরিবেশ রক্ষায় সবাইকে বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যায়ও এগিয়ে আসতে হবে।

 

তিনি বলেন, প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগিয়ে সেটির পরিচর্যার দায়িত্ব নিলে সম্মিলিতভাবে একটি সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তোলা সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির ধারাবাহিকতায় এ ধরনের উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং মানুষের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে। বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণের মতো উদ্যোগ তাদের পরিবেশের প্রতি আরও সচেতন করবে। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানায় তারা।

 

পরে প্রধান অতিথি অ্যাডভোকেট আল-আমিন শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আয়োজকেরা জানান, শতবর্ষী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণকে সবুজ ও মনোরম করে তোলা, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box