দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজে ৪টি বিষয়ে অনার্স কোর্স চালুর উদ্যোগ: জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন

দৈনিক দখিনের কন্ঠ
প্রকাশিত September 23, 2026, 22:21 PM
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজে ৪টি বিষয়ে অনার্স কোর্স চালুর উদ্যোগ: জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন

নিজস্ব প্রতিবেদক 

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ঐতিহ্যবাহী দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজে ৪টি বিষয়ে অনার্স কোর্স চালুর লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আনুষ্ঠানিক আবেদন জানানো হয়েছে।

সংক্রান্ত আবেদনপত্রে উল্লেখ করা হয়, ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এই কলেজটিতে বর্তমানে ৩টি পর্যায়ে (এইচএসসি সাধারণ, এইচএসসি বিএমটি এবং ডিগ্রি পাস কোর্সের বিএ ও বিবিএস) শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে কলেজটিতে প্রায় ১,২০০ জন শিক্ষার্থী রয়েছে। বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পাশে ৪ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই কলেজে প্রয়োজনে আরও জমি সংগ্রহের সুযোগ রয়েছে।

 

নলছিটি উপজেলায় কোনো কলেজে অনার্স কোর্স চালু না থাকায় স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রবল আকাঙ্ক্ষা সত্ত্বেও তারা অনার্স পড়ার সুযোগ পাচ্ছিলেন না। এ অঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার্থে কলেজের পক্ষ থেকে ৪টি বিষয়ে অনার্স কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়গুলো হলো:  ১. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২. রাষ্ট্রবিজ্ঞান ৩. সমাজকর্ম ৪. ব্যবস্থাপনা

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর প্রেরিত এই আবেদনপত্রে সুপারিশ করেছেন ঝালকাঠি-০২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

আবেদনপত্রে কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি খন্দকার অহিদুল ইসলাম বাদল এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইমরানা পারভীন স্বাক্ষর করেছেন। চিঠিটি ইতোমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আর এন্ড ডি (R&D) শাখায় গৃহীত হয়েছে। এলাকার সুশীল সমাজ ও শিক্ষার্থীরা আশা করছেন, বিষয়গুলোর অনুমোদন পেলে নলছিটির শিক্ষা কার্যক্রমে এক নতুন দিগন্তের উন্মোচন ঘটবে।

Facebook Comments Box