বাকেরগঞ্জে জুয়ার আসরে বিএনপি নেতা ও হিসাব রক্ষণ কর্মকর্তার ভিডিও ভাইরাল

দৈনিক দখিনের কন্ঠ
প্রকাশিত September 9, 2026, 17:12 PM
বাকেরগঞ্জে জুয়ার আসরে বিএনপি নেতা ও হিসাব রক্ষণ কর্মকর্তার ভিডিও ভাইরাল

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥
বরিশালের বাকেরগঞ্জে এক বিএনপি নেতা ও হিসাব রক্ষণ কর্মকর্তার জুয়ার আসরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বিএনপির ওই নেতার নাম ওবায়দুল ইসলাম মাহি। তিনি বাকেরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তার সাথে ছিলেন বাকেরগঞ্জ পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা ইফতেখার উদ্দিন।

বুধবার দুপুরের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপির এ নেতার ভিডিও ভাইরাল হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, পৌরসভার পাশে বিএনপি নেতা ওবায়দুল ইসলাম মাহির গোপন আস্তানায় তার নেতৃত্বে প্রতিদিন রাতে বসে জুয়ার আসর। রাজনৈতিক নেতা, চাকুরীজীবীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের অংশগ্রহণে দীর্ঘদিন ধরে চলছে এ জুয়ার আসরটি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জুয়ার আসরের একটি ভিডিও ভাইরালের পর বিষয়টি আলোচনায় আসে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, তাস দিয়ে জুয়া খেলা চলছে। একটি ব্যানার বিছিয়ে তার ওপরে রাখা হয়েছে টাকা। বাকেরগঞ্জ পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা ইফতেখার উদ্দিন জুয়ায় জিতে হাতে টাকা নিয়ে চুমু খাচ্ছেন।

এ বিষয়ে জানতে বাকেরগঞ্জ পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা ইফতেখার উদ্দিনের ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

বিএনপি নেতা ওবায়দুল ইসলাম মাহির কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, একটি কুচুক্তি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তুমি জুয়া খেলার সাথে জড়িত নয়। তিনি ভাইরাল ভিডিওর বিষয় কোন মন্তব্য না করেই ফোনের লাইন কেটে দেন।

বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানান, বিএনপি নেতার জুয়ার আসরের ভাইরাল ভিডিওটি এখনও তিনি দেখেননি। এলাকায় জুয়া বন্ধে পুলিশের মনিটরিং রয়েছে বলেও তিনি জানান।

Facebook Comments Box