নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠির নলছিটি উপজেলার খয়রাবাদ নদীর তীব্র ভাঙন রোধ, ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন এবং বেড়িবাঁধ নির্মাণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর ৪৫টি ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা জমা দেওয়া হয়েছে।
১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ৯ নং দপদপিয়া ইউনিয়ন খয়রাবাদ নদী ভাঙন প্রতিরোধ সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ এই তালিকা ইউএনও কার্যালয়ে জমা দেন।
সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ জানান, উপজেলার দপদপিয়া ইউনিয়নের ৫ নং ও ৭ নং ওয়ার্ডের পূর্ব ভরতকাঠী এবং পশ্চিম বীর নারায়ণ গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ দীর্ঘদিন ধরে নদী ভাঙনে দিশেহারা। নদী ভাঙন রোধে এর আগে গত ৭ জুলাই তারা ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করেন এবং পরবর্তীতে ১৩ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কাছেও স্মারকলিপি প্রদান ও আলোচনা করেন। জেলা প্রশাসকের পরামর্শক্রমেই ভাঙনে ক্ষতিগ্রস্ত ৪৫টি পরিবারের নাম তালিকাভুক্ত করে আজ পুনরায় ইউএনও’র নিকট জমা দেওয়া হয়।
আবেদনে স্থানীয় বাসিন্দারা জানান, পূর্ব ভরতকাঠী থেকে পশ্চিম বীর নারায়ণ পর্যন্ত খয়রাবাদ নদীর ভাঙন প্রতিরোধে দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা জরুরি। এছাড়া বুড়ির হাট থেকে পূর্ব ভরতকাঠী গ্রামের একমাত্র চলাচলের রাস্তাটি সংস্কার ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অবিলম্বে যথাযথ সহায়তা প্রদান করার জন্য তারা জোর দাবি জানিয়েছেন।
তালিকা জমাদানের সময় উপস্থিত ছিলেন ৯ নং দপদপিয়া ইউনিয়ন খয়রাবাদ নদী ভাঙন প্রতিরোধ সংগ্রাম কমিটির আহ্বায়ক মো. রুহুল আমিন হাওলাদার, সদস্য সচিব মো. রমজান আকন হৃদয়, ৫ নং ওয়ার্ড শাখা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. জামাল হাওলাদার এবং সদস্য সচিব মোঃ বাইজিদ হাওলাদারসহ ভাঙন কবলিত এলাকার অন্যান্য ক্ষতিগ্রস্ত বাসিন্দারা।