সরকারি জমিতে গণ অধিকারের অফিস নির্মানে বাধাঁ সংঘর্ষে দু’পক্ষের আহত১৫

দৈনিক দখিনের কন্ঠ
প্রকাশিত September 19, 2026, 14:16 PM
সরকারি জমিতে গণ অধিকারের অফিস নির্মানে বাধাঁ সংঘর্ষে দু’পক্ষের আহত১৫

গলাচিপা প্রতিবেদক

 

গলাচিপায় বিরোধ পূর্ণ সরকারি খাশ জমিতে গণ অধিকারের অফিস নির্মানকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার আমখোলা ইউনিয়নের বাদুরা বাজারে। এঘটনায় দু’পক্ষের কাওসার মৃধা (৪০), আবুবকর (২৯), শফিক (২৯), মনসুর (২৪), শাকিল (২৬), রেজাউল করিম (৩২), সামছুল আলম (২৮), শিহাব (২০), সুজন (২৫) সহ ১৫জন আহত হয়েছে। আহতদের পটুয়াখালী ও গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখন পরিবেশ শান্ত রয়েছে।

সূত্র জানায়, উপজেলার আমখোল ইউনিয়নের বাদুরা বাজারে খোকন মৃধা ও বাবুল হাওলাদারের মধ্যে জমিজমা নিয়ে সীমানা বিরোধ চলছিল। দুই জনেরই জমির সামনে বাদুরা বাজারের সরকারি চান্দিনা ভিটা রয়েছে। ওই সরকারি জমিতে গণ অধিকার পরিষদের লোকজন ঘর উত্তোলন করতে গেলে বাবুল হাওলাদারের লোকজন বাধাঁ দেয়। দু’পক্ষের কথাকাটাকাটির এক পর্যায় সংঘর্ষ বাধেঁ।

পটুয়াখালীর আউলিয়াপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবুল হাওলাদার জানান, বাদুরা বাজারে আমাদের ৪৬ শতাংশ জমি রয়েছে। শুক্রবার দুপুরে গণ অধিকার নেতা এমদাদের নেতৃত্বে বেশ কয়েকজন মিলে আমাদের ক্রয়কৃত সম্পত্তিতে অবৈধ ভাবে ঘর তুলতে যায়। আমরা বাধাঁ দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

গণ অধিকরের সদস্য সচিব এমদাদ হোসেন জানায়, সরকারি খাশ জমিতে গণ অধিকারের অফিস ঘর নির্মান করতে গেলে বাবুল হাওলাদারের লোকজন হামলা চালিয়ে আমাদের ১০ জন কর্মীকে আহত করেছে।

অপরদিকে খোকন মৃধা জানান, আমার মালিনাধীন জমির সামনে হাট বাজারের সরকারি চান্দিনা ভিটা রয়েছে। ওই জমির পাশেই বাবুল হাওলাদারের জমি। বাবুল হাওলাদার ওই সরকারি জমি জোর করে দখলে নিতে চায়।

ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মো.আলাউদ্দিন মুঠো ফোনে জানান, আজকে বন্ধের দিনে, ঘটনাস্থল না গিয়ে আমি কিছুই বলতে পারব না। এ বিষয়ে আমার কিছুই জানা নাই।

এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো.ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Facebook Comments Box