বোরহানউদ্দিন প্রতিবেদক ॥
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ইউনিয়ন পরিষদের চাল বিতরণে অনিয়ম ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির এক নেতার দলীয় পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
রবিবার (২২ মার্চ) রাত ১১ টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বোরহানউদ্দিন উপজেলা শাখার এক প্যাডে জারি করা এক লিখিত নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, কুতুবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোর্শেদ জাহান চৌধুরীর বিরুদ্ধে দলীয় ইউনিয়ন পরিষদের অসহায় হতদরিদ্রদের বরাদ্দকৃত সরকারি চাল কেলেঙ্কারি, শৃঙ্খলাবিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে উপজেলা বিএনপির জরুরি সিদ্ধান্ত অনুযায়ী তার দলীয় পদসহ সকল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
একই সঙ্গে নোটিশে উল্লেখ করা হয়, কেন তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে আগামী তিন দিনের মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাহফুজা সুলতানা এবং সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মোঃ জহির স্বাক্ষরিত এ নোটিশটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের ছড়িয়ে পড়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
উল্লেখ্য, সম্প্রতি কুতুবা ইউনিয়ন পরিষদের হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ ওঠে, এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় , যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় ।
ভিডিওতে দেখা যায় ইউনিয়ন পরিষদের চাল নিয়ে অসহায় ও হত দরিদ্রদের কে না দিয়ে সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির এক নেতার ইটভাটায় নিয়ে রাখা হয় পরে স্থানীয় জনতা তা আটক করে ইউএনও অফিসে খবর দেয়।
মন্তব্য করুন