নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠির নলছিটি থানা পুলিশ অভিযান চালিয়ে ১৬০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১৫০০ টাকাসহ মোসাঃ ইতি আক্তার রনজু (৩৩) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) উপজেলার নলছিটি পৌরসভার ২নং ওয়ার্ডের নাঙ্গলী এলাকার নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত ইতি আক্তার রনজু ওই এলাকার মো. নূরে আলম হাওলাদারের মেয়ে এবং মিরাজ মাঝির স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ নভেম্বর দুপুর ৩টা ১০ মিনিট থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নলছিটি থানার একটি টিম নাঙ্গলী এলাকায় আসামির নিজ বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতঘরের উত্তর পাশে রান্নাঘরের মাটির চুলার ভেতর সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১৬০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির লব্ধ ১৫০০ টাকা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।