
ভোলা প্রতিবেদক ॥
ভোলার লালমোহন উপজেলায় তেঁতুলিয়া নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। প্রকাশ্যে এমন কর্মকাণ্ড চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।
বুধবার (৮এপ্রিল) সকালে উপজেলার তেতুলিয়া নদীর তীরবর্তী নাজিরপুর ঘাট এলাকায় গেলে স্থানীয় কয়েকজন বলেন, প্রভাবশালী একটি চক্র নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ বালু উত্তোলন করছে। পরবর্তীতে এসব বালু বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে, যা থেকে তারা অবৈধভাবে বিপুল অর্থ উপার্জন করছে।
এদিকে, অবাধ বালু উত্তোলনের কারণে নদীর তীর ভাঙনের ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। তারা বলছেন, এভাবে বালু উত্তোলন চলতে থাকলে আশপাশের বসতবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়বে।
স্থানীয় একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন, “সব কিছু প্রকাশ্যেই হচ্ছে, কিন্তু দেখার যেন কেউ নেই। প্রশাসনের নীরবতা আমাদের ভাবিয়ে তুলছে।”
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অভিযান পরিচালনা না করলে পরিবেশ ও জনজীবনে এর মারাত্মক প্রভাব পড়বে।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সিফাত বিন সাদেক বলেন অবৈধ বালু উত্তোলনের বিষয় আমার কিছু জানা নাই।
মন্তব্য করুন