মোস্তাফিজুর রহমান সুজন, পটুয়াখালী
পটুয়াখালী সদর উপজেলার করমজাতলা এলাকায় গাজী মনিবুর রহমান নার্সিং কলেজের নির্মাণাধীন চারতলা ভবনে প্লাস্টারের কাজ করার সময় মাচা ভেঙে পড়ে সাইদুল (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত সাইদুল পটুয়াখালী সদর উপজেলার বল্লবপুর এলাকার জাহাঙ্গীর মাতবরের ছেলে। জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে গাজী মনিবুর রহমান নার্সিং কলেজের নির্মাণাধীন চারতলা ভবনের প্লাস্টারের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় হঠাৎ মাচা ভেঙে নিচে পড়ে গেলে সাইদুলসহ মোট চারজন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। সাইদুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহত ব্যক্তিদের চিকিৎসার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোন তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় নির্মাণকাজে ব্যবহৃত মাচার নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ভবন নির্মান কাজে নিরাপত্তার অবহেলার কারনে একটি ছেলের অকালে প্রান গেলো। দুর্ঘটনার প্রকৃত কারণ ও নির্মাণকাজে নিরাপত্তাবিধি যথাযথনভাবে মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।