বাংলাদেশে পাচারের জন্য রোপণ করা গাঁজা বাগান ধ্বংস করলো ত্রিপুরা পুলিশ

দৈনিক দখিনের কন্ঠ
প্রকাশিত November 6, 2026, 13:58 PM
বাংলাদেশে পাচারের জন্য রোপণ করা গাঁজা বাগান ধ্বংস করলো ত্রিপুরা পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চাষ করা বিপুল পরিমাণ অবৈধ গাঁজা বাগান কেটে এবং আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভারতের ত্রিপুরা রাজ্যের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রাজ্যের সিপাহীজলা জেলার সীমান্তসংলগ্ন বিভিন্ন দুর্গম বনভূমি ও টিলা এলাকায় ত্রিপুরা পুলিশ, সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) এবং ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর)-এর যৌথ অভিযানে লক্ষ লক্ষ অবৈধ গাঁজা গাছ ধ্বংস করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর একটি বিশাল দল সিপাহীজলা জেলার বিভিন্ন দুর্গম পাহাড়ি অঞ্চল ও সীমান্ত এলাকা ঘিরে ফেলে বিশেষ এই যৌথ অভিযান পরিচালনা করে। উদ্ধার ও ধ্বংস অভিযানে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, ত্রিপুরা পুলিশ ও টিএসআর-এর বিপুলসংখ্যক সদস্য অংশ নেন।

অভিযান পরিচালনকারী কর্মকর্তারা জানান, বনাঞ্চল ও সীমান্তসংলগ্ন দুর্গম এলাকাগুলোর সুযোগ নিয়ে অসাধু মাদক কারবারিরা অবৈধভাবে এই বিশাল গাঁজা ক্ষেত গড়ে তুলেছিল। প্রস্তুত করার পর এসব গাঁজা অবৈধ সীমান্ত পথে বাংলাদেশে পাচারের সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল তাদের।

যৌথ অভিযানের মাধ্যমে একের পর এক ক্ষেত চিহ্নিত করে ট্র্যাক্টরের সহায়তায় ও হাতে কেটে এবং পরবর্তীতে আগুন লাগিয়ে সম্পূর্ণ গাঁজা চাষ ধ্বংস করে দেওয়া হয়।

নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদক পাচার রোধ এবং মাদক মুক্ত এলাকা গড়ে তুলতে এই ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। তবে অভিযানের সময় উপস্থিত কারবারিরা টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা সম্ভব হয়নি। এই মাদক চক্রের নেপথ্যে থাকা মূল কারবারিদের চিহ্নিত করতে আইনানুগ তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।

Facebook Comments Box