নিজস্ব প্রতিবেদক
বরিশাল কোতোয়ালী মডেল থানাধীন চাঁদমারী খেয়াঘাট রোড এলাকায় অভিযান চালিয়ে তিনশ’ গ্রাম গাঁজাসহ আব্দুল জলিল আকন (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল জলিল আকন পটুয়াখালী জেলার বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের মৃত মইনুদ্দিন আকন ও মৃত মর্জিরন বেগমের ছেলে। বর্তমানে তিনি বরিশাল সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকার খোকা মুন্সির বাড়িতে ভাড়া থেকে একটি ফেসবুক পেইজ খুলে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ৯.৩০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম বরিশাল কোতোয়ালী মডেল থানাধীন ১০ নম্বর ওয়ার্ডের চাঁদমারী খেয়াঘাট রোডস্থ গাজী স-মিলের ভেতরে অভিযান চালায়। অভিযানকালে মাদক বিক্রেতা আব্দুল জলিল আকনকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী মডেল থানায় মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।